খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে দীঘিনালা জোনের উদ্যোগে নতুন বোয়ালখালী বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ৪৮ জন ব্যবসায়ীর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তার আওতায় ৩৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।
এ সহায়তা প্রদান করেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত ২৭ মার্চ রাতে নতুন বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


