পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

0

টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রোববার (১২ জুলাই) রেললাইনের পানি নেমে যাওয়া এবং প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস বেলা ১১টা ৫৪ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছায়। পরে দুপুর সোয়া ২টায় ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে এবং দুপুর ২টা ২০ মিনিটে নগরীর ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া অংশ অতিক্রম করে। গত কয়েক দিন এই অংশের রেললাইন পানিতে তলিয়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল।

এদিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেসও দুপুর ১টার দিকে জানআলীহাট স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।

গত ৭ জুলাই চট্টগ্রামে গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়। টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেললাইনে পানি উঠে যায়। একই সময় রেললাইনের ওপর একটি গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পরিস্থিতির কারণে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, প্রবাল এক্সপ্রেস এবং সৈকত এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

পরে বৃষ্টি কমে গেলে রেলওয়ের প্রকৌশল বিভাগ ক্ষতিগ্রস্ত অংশে মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করে। শনিবার থেকে রেললাইনের পানি দ্রুত কমে আসায় ট্রেন চলাচল চালুর প্রস্তুতি নেওয়া হয়।

রোববার সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ভারী বৃষ্টির কারণে রেললাইনে পানি জমে গেলেও দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।