পানিবন্দী মানুষের পাশে যুবদল নেতা

0

টানা ভারী বর্ষণে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের নিম্নাঞ্চলে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে থাকায় অনেক পরিবারের রান্নাবান্নাও বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন কর্ণফুলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম শামীম।

মঙ্গলবার রাতে তিনি ইউনিয়নের বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভবিষ্যতেও থাকার আশ্বাস দেন।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. দিদারুল আলমসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

জাহেদুল ইসলাম শামীম বলেন, টানা বৃষ্টিতে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা কর্মস্থলে যেতে না পারায় চরম কষ্টে দিন কাটাচ্ছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দুর্যোগের এই সময়ে এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।