চট্টগ্রামের ফটিকছড়ির রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে জায়গা দখলের অজুহাতে আম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আমিনুল হক ও আহমদুল হকের অভিযোগ, গত বুধবার (১ জুলাই) রাতে তাদের মালিকানাধীন জমিতে থাকা আম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলা হয়। এ ঘটনায় তারা রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষকে দায়ী করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট জায়গাটি তাদের দখলে থাকা বাগানের ৩/৮৬ নম্বর ব্লকের অন্তর্ভুক্ত। ২০২৪-২৫ অর্থবছরে সেখানে রাবার বাগান সৃজন করা হয়েছে এবং ওই জমি বাগানের আওতাভুক্ত হওয়ায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে তাদের দাবি।
ভুক্তভোগী আমিনুল হক ও আহমদুল হক বলেন, জায়গাটি রাঙ্গামাটিয়া রাবার বাগান থেকে অনেক দূরে অবস্থিত এবং প্রায় ১০০ বছর ধরে আমাদের দখলে রয়েছে। এ জায়গায় আমরা প্রায় পাঁচ হাজার আম, জাম, কাঁঠাল, বাঁশসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছি। হঠাৎ করে রাবার বাগান কর্তৃপক্ষ জায়গাটি তাদের দাবি করে আমাদের কোনো ধরনের নোটিশ বা পূর্ব অবহিতকরণ ছাড়াই সেখানে থাকা ফলদ ও অন্যান্য গাছ কেটে ফেলেছে। এতে আমরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
একই ঘটনায় রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষি উদ্যোক্তা ওয়াহিদ কাউসার মওলা হিরুর সৃজনকৃত কয়েকশ’ আমগাছ কেটে ফেলারও অভিযোগ উঠেছে।
ওয়াহিদ কাউসার মওলা হিরু বলেন, দীর্ঘদিন ধরে আমি সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্যিকভাবে একটি আমবাগান গড়ে তুলেছি। সম্প্রতি রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষ জায়গাটি তাদের দাবি করে কোনো ধরনের পূর্ব নোটিশ বা অবহিতকরণ ছাড়াই বাগানের কয়েকশ’ আমগাছ কেটে ফেলেছে। এতে আমি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।
তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন রাঙ্গামাটিয়া রাবার বাগানের ব্যবস্থাপক কে এম মাহবুব আলম। তিনি বলেন, আমরা কোনো গাছ কাটিনি। তবে সংশ্লিষ্ট জায়গাটি রাঙ্গামাটিয়া রাবার বাগানের মালিকানাধীন। অভিযোগকারী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জায়গাটি জবরদখল করে আছেন।


