চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৪ নম্বর শাকপুরা ইউনিয়নে চুলার আগুনে ৯টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার রাত ৮টার দিকে পশ্চিম শাকপুরার রফিক সওদাগরের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ইউপি সদস্য মনসুরুল হক জানান, মো. শামসুল আলম, মো. নুরুল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. হৃদয়, মো. দিদার, মো. আনু মিয়া, মো. মনু মিয়া, মনজুর মিয়া ও হান্নানের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো আসবাবপত্র বা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বোয়ালখালী স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। দুটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে পাকা, মাটির ও কাঁচা ঘর রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।



মন্তব্য নেওয়া বন্ধ।