মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে হংকংয়ের পতাকাবাহী ‘চিউ সি’ নামের একটি জাহাজ। বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে জাহাজটি বহির্নোঙরে এসে পৌঁছাবে বলে জানিয়েছে স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন।
এটি চলতি এপ্রিল মাসে আসা অকটেনের তৃতীয় চালান। গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছিল। দৈনিক ১,২৫০ টন চাহিদার হিসেবে এই এক মাসে আসা ৭৯ হাজার টন অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময় জ্বালানির চাহিদা মেটানো যাবে।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, আগে থেকে মোট পাঁচটি জাহাজ ছিল বহির্নোঙরে। গতকাল তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু হয়। বহির্নোঙরে অপেক্ষায় থাকা দুই জাহাজের সঙ্গে গতকাল আরও দুটি জাহাজ যোগ হয়েছে। আজ রাতে মালয়েশিয়া থেকে অকটেন নিয়ে আরও একটি জাহাজ এসে ভিড়বে।
তিনি বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি। তাই চাইলে সবগুলো জাহাজকে বার্থিং দেওয়া সম্ভব নয়। আবার গত সপ্তাহে কয়েকটি বড় জাহাজ আসায় সেগুলো থেকে ছোট আকারে মাদার ভেসেল দিয়ে পণ্য খালাস করতে হয়েছে। এদিকে আবহাওয়া খারাপ থাকায় কার্গো খালাসে কিছুটা বেগ পেতে হচ্ছে।
এর আগে গতকাল হংকংয়ের পতাকাবাহী ‘গ্রান কুভা’ নামের একটি জাহাজ ভারত থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে দুপুর ৩টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
এরপর চীন থেকে ১০ হাজার টন ডিজেল নিয়ে রাত ১১টার দিকে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘হাফনিয়া মার্লিন’ এসে পৌঁছায়।


