লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় আহত সেই বন্যহাতি মারা গেছে

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্যহাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে হাতিটি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন।

তিনি জানান, হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে আজ সকালে উদ্বারকারী ট্রেনের সাহায্যে হাতিটিকে চকরিয়া রেলস্টেশন এবং সেখান থেকে ট্রাকে করে সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। ট্রেনের ধাক্কায় হাতিটির পেছনের ডান পা ভেঙে যায়। এছাড়া মেরুদণ্ডের স্ট্রাকচার এবং মাথায় আঘাতের ফলে ব্রেন নষ্ট হয়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে রক্তক্ষরণ হচ্ছিল।

জানা যায়, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হাতিটির উন্নত চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছিলেন। এ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি চিকিৎসক দলের কমিটিও গঠন করা হয়েছিল। যার নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস ইউনিভার্সিটির অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর।

এর আগে, গত রোববার রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন চুনতি এলিফ্যান্ট ওভারপাস এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর ৬-৭ জনের একটি হাতিরদল উঠে পড়ে। এসময় ট্রেনের গতি কমিয়ে দিলে বাকি হাতি পার হতে পারলেও এ হাতিটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।

মন্তব্য নেওয়া বন্ধ।