চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ছয় মাসের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি কক্সবাজার থেকে আনা হয়েছিল।
চিকিৎসকরা জানান, সোমবার রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হামের উপসর্গ থাকলেও এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে শিশুটি হামেই আক্রান্ত ছিল। এ জন্য নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে এদিন সকাল পর্যন্ত ৭ জনের শরীরে হাম এবং ১ জনের রুবেলা শনাক্ত হয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে ২৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং আরও ৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি থাকায় শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়ছে। বিশেষ করে টিকার আওতার বাইরে থাকা শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।