চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে সড়কে গাড়ি আটকে মো. ওসমান গণি রাসেল (২৪) নামে এক গাড়ি চালককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। গত রোববার (১৩ এপ্রিল) রাতে উপজেলার কিং অব আনোয়ারা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় সঙ্গে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও ২৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা।
মারধরের শিকার গাড়ি চালক ওসমান গণি রাসেল আনোয়ারার বৈরাগ ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুয়াপঞ্চক এলাকার নুরুল আমিনের ছেলে। ওসমান গণি আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন, মো. এনাম উদ্দিন (৩০), মো. শওকত (৩৮), মো. মালেক (৩৫), মো. হোসাইন (৩১), মো. হোসাইন (৩১) এবং আবদুর রশিদ (৪৮)। তারা উপজেলার বৈরাগ ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে হামলার শিকার অভিযোগকারী ওসমান গণি রাসেল।
অভিযোগে তিনি উল্লেক করেন, ওসমান গণি পেশায় পেলুডার গাড়ী চালক। ঘটনার সময়ে সে কমিউনিটি সেন্টারের ভেতর থেকে গাড়ি আনতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে আবদুর রশিদের নেতৃত্বে উল্লেখিত পাঁচজনসহ আরও ২০-২৫ জন দুস্কৃতকারী তার উপর এলোপাতাড়ি হামলা করে বেধড়ক মারধর করেন। পরে গাড়িতে ডিজেলের জন্য মালিকের দেওয়া নগদ ৪৫ হাজার টাকা ও ২৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন চিনিয়ে নেন হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার শিকার গাড়ি চালক ওসমান গণি রাসেল বলেন, কমিউনিটি সেন্টার থেকে গাড়ি বের করতে যাওয়ার সময় তারা আমাকে অতর্কিত হামলা চালায়। এসময় আমার কোম্পানি গাড়িতে তেল নেওয়ার জন্য ৪৫ হাজার টাকা দিয়েছিল সেগুলো তারা চিনিয়ে নেয় এবং আমার মোবাইলও নিয়ে যায়। যা সিসিটিভি ফুটেজে প্রমাণ রয়েছে।
এ ঘটনায় একাধিকবার যোগাযোগ করেও অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ওসমান গণি নামের এক গাড়ি চালক মারধরের একটি অভিযোগ করেছেন। আমরা তদন্ত করছি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মন্তব্য নেওয়া বন্ধ।