চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবিতে আবারও বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী এবং ছাত্রজনতা। রোববার দুপুরে উপজেলার পরিষদের ভবনের সামনে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রজনতার ব্যানারে এ মানববন্ধন করেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, কর্ণফুলী উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাহারুল বাহার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইকবাল বাহারসহ স্থানীয় ও ছাত্রজনতারা।
মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এলাকার দরিদ্রদের অর্থ আত্মসাৎসহ নানা অপকর্ম করেছে। আওয়ামী দোসর হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমকে টাকার বিনিময়ে প্যানেল চেয়ারম্যান করেছেন বলেও দাবী করেন তারা। দ্রুত অপসারণ না করলে স্থানীয় এলাকাবাসী আরও কঠোর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক চিঠিতে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসাবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়। এটি প্রকাশ হওয়ার পরই তাকে অপসারণের দাবীতে শুক্রবার (৬ জুন) বিকেলে শিকলবাহা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন এবং বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে কাঁটা ঝুঁলিয়ে দেন। এরপর গত দুই মাস ধরে শিকলবাহা ইউনিয়ন পরিষদসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্নস্থানে একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী এবং ছাত্রজনতারা।



মন্তব্য নেওয়া বন্ধ।