চট্টগ্রামের আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় মাদক, ইভটিজিং, স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা ও শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, এসআই (নিঃ) মোহাম্মদ জুয়েল মিয়া, চান্দিনা শাখার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সংগঠনের সদস্য সাইফুল ও আশিক।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক, ইভটিজিং, স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন, বাল্যবিবাহ ও দুর্নীতিকে না বলে লাল কার্ড প্রদর্শন করেন এবং সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীরা শপথ নেন।
নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শিক্ষার্থীদের শপথ করান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। দিনভর এই ইতিবাচক জোয়ার ছড়িয়ে পড়ে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, ‘তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে রক্ষা করতে না পারলে রাষ্ট্রের সব উন্নয়নই একসময় অর্থহীন হয়ে পড়বে। মাদক ও প্রযুক্তির অপব্যবহার রোধে কেবল প্রশাসনিক নজরদারিই যথেষ্ট নয়; বরং প্রতিটি ঘর থেকে সামাজিক আন্দোলন তৈরি করা জরুরি। সচেতনতাই হতে পারে আমাদের সবচেয়ে বড় অস্ত্র।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘মাদকের ভয়াবহতায় এই এলাকাতেই ছেলের হাতে মা-বাবা খুন হওয়ার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি এবং অপরাধীদের আইনের আওতায় আনছি। কিন্তু পুলিশের একার পক্ষে এই ব্যাধি পুরোপুরি নির্মূল করা অসম্ভব। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে অভিভাবকের ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।’
সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল তাঁদের কাজের পরিধি ও অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মাঝে মাদকমুক্ত ও নৈতিকতার বার্তা পৌঁছে দিতে তাঁরা কাজ করছেন। আনোয়ারার এই বিদ্যালয়ে আয়োজিত সচেতনতামূলক সমাবেশটি ছিল তাঁদের পথচলার ১ হাজার ৯৪২তম কর্মসূচি।
একই দিনে উপজেলা অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান তৈলারদ্বীপ বারখাইন এরশাদ উচ্চ বিদ্যালয়েও একইভাবে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


