চট্টগ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিলেন নাজিমুদ্দিন সরকার। দীর্ঘ আড়াই বছর পর নতুন প্রধান শিক্ষক পেয়ে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানালেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। ১ জুলাই (মঙ্গলবার) দুপুরে প্রধান শিক্ষক হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। পরে বিদ্যালয়ের মাঠে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি অংশ নেন।
ফটিকছড়িতে যোগদানের পূর্বে তিনি বান্দরবান রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। নতুন যোগদানকৃত প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষকতা জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দীর্ঘদিন শূন্য থাকায় প্রশাসনিক নানা জটিলতা ও শিক্ষার গুণগত মান বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে একধরনের অস্বস্তি বিরাজ করছিল। নতুন প্রধান শিক্ষকের যোগদানে এখন বিদ্যালয় প্রশাসনে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ সময় নবযোগদানকৃত প্রধান শিক্ষক নাজিমুদ্দিন সরকার বলেন, স্কুলের শিক্ষার গুনগতমান বৃদ্ধি, শিক্ষার পরিবেশ ফিরে আনাসহ কাঠামোগত উন্নয়নে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ ছাড়া একাডেমিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিবে জানান তিনি।



মন্তব্য নেওয়া বন্ধ।