বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন থেকেই চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কাজ শুরু করতে হবে। বন্দর কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে কর্মসংস্থান সৃষ্টি হবে, যা বর্তমানে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। বিনিয়োগ না বাড়লে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে বলেও জানান তিনি।
চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ জেলার জন্য নানা পরিকল্পনা রয়েছে, তবে সেগুলো এক কথায় ব্যাখ্যা করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসতে পেরে তিনি আশাবাদী। একটি নির্বাচিত সংসদ ও সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। চট্টগ্রামের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে সফরে এসে সকালে পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন অর্থমন্ত্রী। জুমার নামাজ শেষে নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন তিনি। পরে বিকেলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে। রাতে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন তিনি।



মন্তব্য নেওয়া বন্ধ।