অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্য, চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি ফরিদা ইয়াসমিন

0

অপরাধ দমন, মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মে মাসে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।

বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সূত্রে জানা যায়, আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মিরসরাই থানার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রথম নারী ওসি হিসেবে ফরিদা ইয়াসমিন অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, ডাকাতির মালামাল উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

পুরস্কার গ্রহণের পর ওসি ফরিদা ইয়াসমিন বলেন, “এই সম্মাননা মিরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলমসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগাবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।