চট্টগ্রামের আনোয়ারার বারখাইনে মাদক বিক্রির প্রতিবাদ করায় মোহাম্মদ ছামিম (১৮) নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাত জখম করেছে মাদকসেবীরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝি-বা-শি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছামিম ওই ইউনিয়নের শাহাদতের নতুন বাড়ীর মো. শাহাদতের পুত্র। এ ঘটনায় তিনি বাদী হয়ে আনোয়ারা থানায় বারখাইন ইউনিয়নের শিলাইগড়া সৈয়দ নূরের বাপের বাড়ীর মো. হাশেম (২৫), মো. সৈয়দ (৪৮), মো. সিরাজ (৪৬), মো. জাহেদ (২০)কে অভিযুক্ত করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত মোহাম্মদ ছামিম বলেন, দিনদুপুরে স্কুলের সামনে হাশেম মাদক বিক্রি করছিল। এ সময় আমি প্রতিবাদ করলে হাশেমসহ মাদকসেবী আর কয়েকজন আমাকে ব্যাপক মারধর করে। একপর্যায়ে ছুরি দিয়ে মুখে আঘাত করে। এঘটনায় থানায় অভিযোগ দিয়েছি, আশা করছি যথাযথ বিচার পাব।
স্থানীয়রা জানান, প্রশাসনের পক্ষ থেকে মাদকসেবী ও বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আর কেউ মাদকের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আর এদিকে মাদকে এলাকা সয়লাভ হয়ে যাবে। এঘটনায় জড়িততে আইনের আওয়াতায় আনার দাবীও জানান স্থানীয়রা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


