ইউনিক মার্টের গোডাউনে ভেজাল প্রসাধনী, জরিমানা

0

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আলকরন এলাকায় ভেজাল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রীর গোডাউনে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ভেজাল ও বিক্রি নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৩ আগস্ট) আলকরন ১ নম্বর গলিতে একটি আবাসিক ভবনের ৩য় তলায় এই অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, আনজুমান আরা নামের এক মহিলা ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইউনিক মার্ট নাম দিয়ে এসকল ভেজাল পণ্য বিক্রয় করে ভোক্তাদের সাথে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন। এসময় মূল মালিক আনজুমান আরা না থাকলেও হাতে নাতে আটক করা হয় উক্ত প্রতিষ্ঠান এর ম্যানেজার মঈনুদ্দিন আকবরকে।

তিনি আরও বলেন, অভিযানে উক্ত গোডাউন থেকে গার্নিয়ার, পন্ডস, ডাবর, ইমামি, হুদা বিউটিসহ বিভিন্ন নামীদামী ব্রান্ডের বিপুল পরিমাণ ফেস ওয়াস, স্কীন ক্রিম, শ্যাম্পু, হেয়ার ওয়েল, ফেস প্যাক, মেহেদী, সানস ক্রিম, ম্যাসাজ ক্রিম, আইলাইনার, ফেস পাউডার, স্কার্ভি রোগের জন্য ভিটামিন সি এর ইনজেকশন জব্দ করা হয়।
এছাড়া হাইড্রোকুইনিন ও মার্কারি এর অধিক উপস্থিতির কারণে বিক্রয় নিষিদ্ধ 4K Plus ক্রিম জব্দ করা হয়।

বিএসটিআইয়ের ফিল্ড অফিসার শিমু বিশ্বাস বলেন, নিম স্কীন ম্যাসাজ ক্রিম এবং কাবেরী নামের দুটি ফেস ক্রিমে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই ভুয়া লোগো ব্যবহার করা হয়েছে। অধিকাংশ পণ্যের গায়ে উৎপাদন এর তারিখ, মেয়াদ ও মূল্য ছিল না।

জানা গেছে, এসকল অপরাধে আটক মঈনুদ্দিন আকবরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।