কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় নলকূপ খননকালে নির্গত গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ পরিদর্শন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৯ সদস্যের প্রতিনিধিদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রতিনিধিদলটি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দীর্ঘ ১৫ দিন ধরে গ্যাসের প্রবাহ ও চাপ পর্যবেক্ষণের পর কূপটি জরুরিভিত্তিতে নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিনিধি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলাম জানান, টানা ১৫ দিন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল নির্গত গ্যাসের স্থায়িত্ব ও ধারণক্ষমতা যাচাই করা।
তিনি বলেন, একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট নয়, বরং ভূগর্ভে বড় ধরনের গ্যাসের আধার বা রিজার্ভার থাকার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, এ অবস্থায় অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ। তাই প্রথম অগ্রাধিকার হিসেবে জরুরিভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাপেক্সের প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, কূপটি সফলভাবে নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক জরিপ ও গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। এরপর থেকে সেখানে গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ অব্যাহত রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা কাজ করছেন।


