টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

0

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় দা দিয়ে মাথায় আঘাত করে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সিপাহীও আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই মো. জাফর (৪০) টেকনাফ মডেল থানায় কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকেই টেকনাফ সদরের গোদার বিল এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। সেখানে মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের এক সদস্যকে দা দিয়ে আঘাত করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোদার বিল এলাকায় নিষিদ্ধ যুবলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর আলমের নেতৃত্বে বের হওয়া মিছিলে বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দা দিয়ে আঘাত করে এক পুলিশ সদস্যকে আহত করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অহিদুর রহমান বলেন, রাত ১১টার দিকে আহত এক পুলিশ সদস্য জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। মাথায় গুরুতর জখম ছিল। ক্ষতস্থানে সেলাই করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।