চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে একই বিছানায় স্বামীর সঙ্গে রাতে ঘুমিয়েছিলেন স্ত্রী। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বিছানায় স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের অপর একটি কক্ষে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মরদেহ।
বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা ৭ নম্বর ওয়ার্ডের পন্ডিতের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন (৩৫) মৃত শামসুল আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় নদীতে চলাচলকারী বিভিন্ন মালবাহী ট্রলারের শ্রমিক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিলেন। ঘটনার আগের রাতেও তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ হয়েছিল বলে জানা গেছে। রাত আনুমানিক ১২টার দিকে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে পড়েন। ভোর আনুমানিক ৫টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় না দেখে খোঁজ করতে থাকেন। পরে পাশের একটি খালি কক্ষে গিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন শাহাবুদ্দিন। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


