খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহতের খবর জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গল পাড়ায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
ওসি ফেরদৌস বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলি ঘটে। এতে তিনজনে মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।”
ঘটনাস্থল দুর্গম হওয়ায় লাশ উদ্ধারে সময় লাগছে বলে জানিয়েছেন ওসি।
তবে এ নিয়ে আঞ্চলিক সংগঠনগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।


