চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উম্মুল আশেকীন হযরত শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারী (রহ.)-এর ওফাত বার্ষিকী উপলক্ষে ৫ হাজার ৩৫০ এতিম ও অনাথ শিশুর মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) মাইজভাণ্ডার শরীফের ‘গাউসিয়া হক মঞ্জিল’-এর উদ্যোগে উপজেলার ৯৯টি এতিমখানা ও হেফজখানা এবং ২টি অনাথ আশ্রমে এ কর্মসূচি পরিচালিত হয়।
গাউসিয়া হক মঞ্জিল সূত্রে জানা যায়, ওফাত দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থানরত শিশু-কিশোরদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। এ কর্মসূচির আওতায় মোট ৫ হাজার ৩৫০ জন উপকারভোগীর মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রতিবছর এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের প্রতি সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার চেষ্টা করা হয়।
উল্লেখ্য, গত বছর শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে একই উপলক্ষে রাঙ্গুনিয়ার ৮৯টি এতিমখানা, হেফজখানা ও অনাথ আশ্রমের ৪ হাজার ৬০০ নিবাসীর মাঝে খাবার বিতরণ করা হয়েছিল। এবার উপকারভোগী প্রতিষ্ঠান ও সুবিধাভোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।


