চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯৮৯ জনের শরীরে। বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষায় ৯৮৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ৩৯ দশমিক ৯৫ শতাংশ। এদিন কারো মৃত্যু হয়নি।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। করোনা আক্রান্তদের মধ্যে ৬৭৭ জন নগরের এবং ৩১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১২ হাজার ১১২ জনে এবং মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৪৩ জনে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৭ জন, বিআইটিআইডি ল্যাবে ১১৬ জন, সিভাসু ল্যাবে ৮৫ জন, অ্যান্টিজেন টেস্টে ১৩৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮৮ জন, আরটিআরএল ল্যাবে ১৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৬১ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫৩ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৪০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা সংক্রমনের হার প্রায় ৪০ শতাংশ। এই অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনভাবেই স্বাস্থ্যবিধি উপেক্ষার সুযোগ নেই।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। যে কোন সমাবেশে ১০০ বেশী মানুষ সমাগম বন্ধ ঘোষণা করেছে।


