৩ লাখের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেবে চসিক

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় ৩ লাখেরও বেশি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্যে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরের লালদিঘীর পাড়ে চসিক পাবলিক লাইব্রেরি কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মেয়র বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই শিশুদের সুরক্ষায় এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। চসিক এলাকায় মোট ৩ লাখ ৩০০ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

চসিক সূত্রে জানা যায়, কর্মসূচি বাস্তবায়নে ৪৮টি স্থায়ী টিম, ২০৫টি অস্থায়ী টিম, ৪১টি মপ-আপ টিম এবং ১৪টি সন্ধ্যাকালীন টিকাদান সেশন পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিভাবকদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে নিবন্ধন না থাকলেও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না।

মেয়র বলেন, বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজর দিয়ে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগ, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)সহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে।

আগামী ২০ এপ্রিল সকাল ১০টায় চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে বলেও জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।