চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর প্রায় ৩২ হাজার ইউনিফর্ম নিরাপত্তার স্বার্থে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে আদালতের নির্দেশে চট্টগ্রামের মুনছরাবাদে (পিওএম) পুলিশ লাইন্সের মাঠে পুড়িয়ে ফেলা হয় ইউনিফর্মগুলো।
জানা যায়, নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি গার্মেন্টস কারখানা ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। এসব পোশাক গোপনে সংগঠনটির সদস্যদের জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এরপর আরেকটি অভিযানে আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, জব্দ করা এসব ইউনিফর্ম পুনরায় যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা না যায়, সে জন্য ধ্বংস করা হচ্ছে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সিএমপির মুখপাত্র সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, আদালতের আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোশাকগুলো পোড়ানো হয়েছে। চট্টগ্রামসহ পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক সময়ে কেএনএফের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সংগঠনটির বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও সশস্ত্র হামলার মতো নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, জব্দ হওয়া পোশাকের প্রত্যেক চালান থেকে কিছু স্যাম্পল সংরক্ষণে রাখা হয়েছে।


