চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

0

চট্টগ্রামে জনসমাবেশ এবং মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণার মধ্যে গ্রাফিতি আঁকতে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এর আগে, জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মোছা নিয়ে এনসিপি ও বিএনপির মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে জনসমাবেশ এবং মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ।

সোমবার দুপুরে নগরীর টাইগার পাস মোড়ে কিছু শিক্ষার্থী জুলাইয়ের গ্রাফিতি আঁকার জন্য জড়ো হন। পরে পুলিশ বাধা দিলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ একপর্যায়ে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে ভ্যানে তোলে। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা সরে যান।

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, দুপুরে কিছু শিক্ষার্থী নগরীর টাইগারপাস এলাকায় জুলাইয়ের গ্রাফিতি অংকন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। তাদের আঘাতও করে। কয়েকজনকে পুলিশ আটক করে। উপস্থিত শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আটককৃতদের ছেড়ে দেয়। তারা জুলাইয়ের গ্রাফিতি অংকন করতে গেছে। মিছিল-সমাবেশ করতে যায়নি, পুলিশ তাদের বাধা দেবে কেন?

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, নগরীর টাইগার পাস এলাকায় মেট্রোপলিটন অধ্যাদেশের ৩০ ধারা জারি আছে। তা অমান্য করে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে ৫০-৬০ জন জড়ো হয়েছিল। তাদের সরে যেতে বললেও সরেনি। সরিয়ে দিতে গেলে তারা পুলিশের গায়ে রঙ মারে। যারা রঙ মেরেছিল, তাদের কয়েকজন হেফাজতে নেওয়া হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।