চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুদিনে ৩ জন প্রাণ হারালো। এ জ্বরে নতুন করে আক্রান্ত হয়ে আরো ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, নগরীর বাকলিয়া চকবাজার এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী বাসাবি আচার্য গত ৭ নভেম্বর নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে ওই দিনই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে। এদের মধ্যে ১১ জন পুরুষ, ১৭ জন নারী ও চারজন শিশু রয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন । এদের মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন ও বেসরকারি হাসপাতালে ১৩ জন ভর্তি হয়।

এদিকে এর আগের দিনের রিপোর্টে এক নারী ও এক শিশুর মৃত্যুর খবর জানিয়েছিল সিভিল সার্জন অফিসের ডেঙ্গু কন্ট্রোল রুম।

মন্তব্য নেওয়া বন্ধ।