চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

0

চট্টগ্রামে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রাম নগরের চশমা হিলের মেয়র গলি ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে এই দুই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকাল ৯টায় জঙ্গল সলিমপুরের বাগানবাড়ির ৬ নম্বর সমাজ এলাকায় একটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম ওরফে তানভীরের মৃত্যু হয়। একই ঘটনায় ওই শিশুর মা লামিয়া আক্তার মাটিচাপা পড়ে আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন। নিহত শিশু আশরাফুল ইসলাম ওই এলাকার মঈন উদ্দিনের ছেলে।

তানভীরের মৃত্যুর বিষয়টি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার দিন ধরে সীতাকুণ্ডে টানা হচ্ছে। পাহাড়ধসের আশঙ্কায় উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। তবুও অনেক বাসিন্দা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছেন।

ইউএনও বলেন, আজ সকালে জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের ৬ নম্বর সমাজে পাহাড়ধসের ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে যান। নিহত শিশুর মায়ের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়।

এদিকে নগরের চশমা হিলের মেয়র গলি এলাকায় পাহাড়ধসে সামিয়া ইসলাম (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে এই পাহাড়ধসের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান। তিনি বলেন, পাহাড়ধসে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়। দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।