চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের অভিযানে একটি মাইক্রোবাস থেকে আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়িচালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।
গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের মনির হোসেন (৪৫) এবং নোয়াখালীর মনির হোসেন (৪৮)। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে অবৈধ দেশীয় অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, শুক্রবার (২ মে) বিকেলে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া বাজার এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় একটি কালো মাইক্রোবাস সন্দেহভাজন হিসেবে নজরে আসে। থামানোর সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। পরে গোয়েন্দা পুলিশের একটি দল মাইক্রোবাসটি আটক করে।
তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ছয়টি ওয়ান শ্যুটার গান, একটি দেশীয় রাইফেল ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নোয়াখালী নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।