চট্টগ্রামে হাম- রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ জেলার ১৫টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ মে পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সোমবার (২০ এপ্রিল) নগরের মেমন-২ চসিক জেনারেল হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেই উদ্বোধন করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন। এছাড়া জেলায়ও এই কর্মসূচি শুরু হয়।
জানা গেছে, এবার চট্টগ্রামের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৬৫ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে বিভাগের ১১টি জেলায় ৪৪ লাখ শিশুকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
চসিক সূত্র জানায়, এবারের ক্যাম্পেইনে ৭টি জোনে মোট ৩ লাখ ৩০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৪৮টি স্থায়ী টিম, ২০৫টি অস্থায়ী টিম, ৪১টি মপ-আপ টিম এবং ১৪টি সন্ধ্যাকালীন টিকাদান সেশন পরিচালনা করা হবে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নগরের ৪১টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) সকাল ৮টা থেকে কর্মসূচির আওতায় ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধনের জন্য অভিভাবকদের উৎসাহিত করা হচ্ছে। তবে নিবন্ধন না থাকলেও কোনো শিশুই টিকা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাদ পড়া শিশুদের চিহ্নিত করে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


