মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এই হ্রদকে রক্ষা করতে হবে। তিনি বলেন, কাপ্তাই হ্রদকে আধুনিকায়নের মাধ্যমে নতুন ল্যান্ডিং স্পট গড়ে তোলার পাশাপাশি মৎস্য উৎপাদন বৃদ্ধি করা গেলে দেশের আভ্যন্তরীণ চাহিদা মিটানোর পাশাপাশি দেশের বাইরেও কাপ্তাই হ্রদের মাছ রপ্তানি করা সম্ভব।
তিনি আরও বলেন, কাপ্তাই লেকের মাধ্যমে হাজার হাজার জেলে পরিবার, সাধারণ ব্যবসায়ীসহ এর সাথে সংশ্লিষ্ট অনেকে তাদের জীবনজীবীকা নির্বাহ করছে। কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি হ্রদকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী-জেলেসহ সকলের আর্তসামাজিক উন্নয়ন হয়।
সোমবার (১২ মে) সকালে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের আয়োজনে রাঙামাটি বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন প্রমুখ।
এ সময় মৎস্যজীবী ব্যবসায়ীদের পক্ষ থেকে সভায় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী মাহফুজ উদ্দিন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আমি জেনেছি কাপ্তাই হ্রদে অনেক সময় চাঁদাবজির জন্য এখানকার সাধারণ ব্যবসায়ী ও জেলেরা কাজ করতে পারছেনা। চাঁদাবাজি বন্ধ করতে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, কাপ্তাই হ্রদে এক সময় ৮৬ প্রজাতির নানা রকমের মাছ থাকলেও বর্তমানে তা কমে ৬৬ প্রজাতির মধ্যে চলে এসেছে। তাই মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য ব্যবসায়ীসহ জেলেদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারসহ অতিথিবৃন্দ কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন এবং কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময়ে ২৬ হাজার ৬৫১ জন বেকার জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।



মন্তব্য নেওয়া বন্ধ।