আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা-এর সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
সভায় অক্টোবর ২০২৫-এর অপরাধচিত্র পর্যালোচনা করা হয় এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চোরাচালান দমন, অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, অবৈধ বালু উত্তোলন ও জমির টপসয়েল কাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয় আলোচনা হয়।
এছাড়া নতুন ব্রিজ এলাকায় যাত্রী হয়রানি বন্ধ এবং চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। আসন্ন নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা।



মন্তব্য নেওয়া বন্ধ।