চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় মোহাম্মদ হাসান প্রকাশ রাজু (২৪) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং পালানোর কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপকমিশনার মো. আমিরুল ইসলাম। তিনি জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দুল করিম (২৭), মো. আবদুল মান্নান (৩৭), মো. ইউনুচ, মো. আয়াতুল্লাহ আলী আদনান (২১), মো. আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকন (৪৮) ও আজগর আলী প্রকাশ বাচা মিয়া (৩৯)।
পুলিশ জানায়, গত ৭ মে রাত পৌনে ১০টার দিকে রৌফাবাদ এলাকার শহীদ মিনার কলোনির পাশে রাজুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় ১১ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।
তদন্তে জানা গেছে, গ্রেপ্তার সৈয়দুল করিম এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং তিনিই সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলি চালান। পুলিশের ধারণা, পূর্বের একটি হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় অস্ত্র ও হত্যা আইনে মামলা হয়েছে। তদন্ত শেষ করে দ্রুত আসামিদের আদালতে সোপর্দ করা হবে এবং এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।


