চট্টগ্রামের ফটিকছড়িতে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশীজনদের নিয়ে একটি উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) উপজেলার সমিতিরহাট ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)”–এর অর্থায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সমিতিরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অধৈত রায়।
বক্তারা বলেন, হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদী ও এর শাখা খালগুলোর দূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। তারা তেলপারই খাল, মরা ধুরুং ও খনখাইয়া খালসহ বিভিন্ন খালের দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তারা আরও বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হতে হবে এবং মা মাছ ও ডিম সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে প্রজনন মৌসুমে মাছ আহরণ কমবে, যা নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।
সেমিনারে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


