রাজধানীর মহাখালী ডিওএইচএসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের গৃহকর্মী সাহিদা আক্তারের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে বাসার পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সাহিদার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। ১২ বছর ধরে আকরাম খানের বাসায় কর্মরত ছিলেন। রোববার রাত ১০টার দিকে, আকরাম খান, তার স্ত্রী ও মেয়ে বাসায় ফিরে সাহিদাকে না পেয়ে খোঁজ শুরু করেন। পরে বাসার পেছনে সাহিদাকে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি।
এই বিষয়ে ডিএমপি মিরপুর বিভাগের উপ-কমিশনার জসীম উদ্দীন মোল্লা বলেন, দুইটা বিল্ডিংয়ের মাঝে যে চাপা জায়গাটা আছে সেখান থেকে লাশটা পাওয়া গেছে। নারী পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল তৈরি করছেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এটা হত্যা নাকি আত্মহত্যা আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।


