মিরসরাইয়ে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন, প্রতিকার দাবি ভুক্তভোগী নারীর

0

চট্টগ্রামের মিরসরাইয়ে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হামলা, নির্যাতন, মামলা দিয়ে হয়রানি এবং জমি দখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন হাসিনা আক্তার শিল্পী নামে এক নারী।

শনিবার (৪ জুলাই) দুপুরে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে হাসিনা আক্তার দাবি করেন, তার স্বামী নিজাম উদ্দিন জাহাজে চাকরি করেন। ২০১৫ সালে তারা আলাউদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে জমি কিনে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন। বাড়িতে বসবাস শুরু করার পর স্বামীর অনুপস্থিতিতে আলাউদ্দিন তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এতে সাড়া না দেওয়ায় বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হয়রানি শুরু করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, তাদের বসতঘরে ঢিল নিক্ষেপ, সন্তানদের মারধর, বিক্রি করা জমি পুনর্দখলের চেষ্টা এবং আদালতে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছে। স্থানীয়ভাবে গ্রাম্য সালিশ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে একাধিকবার বিরোধ নিষ্পত্তির চেষ্টা হলেও তা মানা হয়নি বলেও দাবি করেন তিনি।

হাসিনা আক্তারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাদের গৃহপালিত পশুপাখি হত্যা, সন্তানদের স্কুলে যাতায়াতে বাধা, কাদা ছিটিয়ে হয়রানি এবং বিভিন্ন সময় শারীরিক হামলার ঘটনাও ঘটিয়েছেন। তিনি দাবি করেন, একবার তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও হামলার শিকার হন। এছাড়া তার স্বামীকে মারধর এবং বিভিন্ন মামলায় জড়ানোর চেষ্টাও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হয়রানি থেকে রক্ষা পেতে অভিযুক্ত ব্যক্তির দাবিমতো কয়েক দফায় কয়েক লাখ টাকা দিলেও তা বন্ধ হয়নি। বর্তমানে আরও পাঁচ লাখ টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে চাঁদাবাজি, হামলা, নির্যাতন ও হয়রানি থেকে পরিত্রাণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী নারী।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।