মিরসরাইয়ে বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ৮টা থেকে মধ্যম সোনাপাহাড় এলাকার হাজী গণি আহমদের বাড়িতে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের উদ্যোগে এবং লিও ক্লাব চট্টগ্রাম মিরসরাই ও মধ্যম সোনাপাহাড় যুব সমাজের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীরা চক্ষু সেবা গ্রহণ করেন। ক্যাম্পে প্রাথমিকভাবে ৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের সেক্রেটারি জামাল উদ্দিন জানান, এ ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষা, চোখের ছানি রোগ শনাক্তসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। তিনি বলেন, সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


