চট্টগ্রামের রাউজানে মাটি কেটে সংস্কার করা একটি পুকুরের তলদেশে পানির বদলে গ্যাস বের হচ্ছে। পুকুরটির তলদেশ থেকে বুদ বুদ করে এসব গ্যাস নির্গত হচ্ছে। যেখানে দিয়াশলাই কাঠি জ্বালিয়ে ধরার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠছে। যা নিয়ে জনমনে প্রতিনিয়ত জাগছে কৌতুহল।
গত এক সপ্তাহ ধরে উপজেলার পশ্চিমগুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামবাজারের ভেতরে জান মোহাম্মদ পাড়া ও সেওর মসজিদ সংলগ্ন এলাকায় একটি পুকুরে এ ঘটনা ঘটছে। তবে এটি কি কোন প্রাকৃতিক গ্যাসের খনি না সাধারণ বায়োগ্যাস সে বিষয়ে নিশ্চিত নয় কেউ।
পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, গত এক সপ্তাহ ধরে পুকুরের ৩-৪টি স্থানে নির্গত হচ্ছে গ্যাস। দিয়াশলাই কাঠি জ্বালিয়ে ধরার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠছে। অনেক মানুষ ওই স্থানে ভিড় করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, এটি যদি খনিজ সম্পদ হয় তবে দীর্ঘদিন থাকবে, স্থায়ীভাবে নির্গত হবে। আর যদি বায়োগ্যাস হয় তার স্থায়ীত্ব বেশিদিন থাকবে না।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, বিষয়টি আমি জেনেছি। ভিডিওতে দেখে মনে হচ্ছে লতাপতা পচে সৃষ্ট গ্যাস হবে এটি। এরপরও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।


