সিএনজির গ্যাস সিলিন্ডারে মিলল ৪৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

0

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার কালাবিবির দিঘীর মোড় এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদর উপজেলার নয়া পাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (৪৭)।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কালাবিবির দিঘীর মোড় এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অটোরিকশায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার পরীক্ষা করা হয়। সিলিন্ডারের ভেতরের এক পাশে বিশেষ কৌশলে রাখা ২২টি বান্ডেল উদ্ধার করা হয়। বান্ডেলগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলো খুলে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

র‍্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ইয়াবাসহ দুইজনকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।