জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব জোবাইরুল আলম মানিক বলেছেন, গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। যোগ্যতা থাকলে কৃষকের ছেলেও ভবিষ্যতে এমপি বা প্রধানমন্ত্রী হতে পারবে—এমন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চায় এনসিপি।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোবাইরুল আলম বলেন, ‘জন্মের পর থেকে দেখছি দুইটি পরিবার আনোয়ারাকে শাসন করছে। যোগ্যতা থাকলেও এই দুই পরিবারের বাইরে গিয়ে কেউ নেতৃত্ব দেওয়ার সাহস করে না। ৩০-৪০ বছর বাবার পেছনে রাজনীতি করেও আবার সেই ব্যক্তিকে নেতার ছেলের পেছনে রাজনীতি করতে হয়। এনসিপি এই পরিবারতন্ত্রের নিপাত চায়। গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্র এনসিপি চায় না।’
তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনে তরুণেরা প্রার্থী হবেন। ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার বা কেন্দ্র দখলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এনসিপি থাকতে কেন্দ্র দখল করে ভোট নেওয়া চলবে না।
তরুণদের রাজনীতি থেকে দূরে রাখার প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচার পতনের পর অনেকে তরুণদের পড়ার টেবিলে ফিরে যেতে বলছেন। কিন্তু ছাত্রদের টেবিলে পাঠিয়ে নতুন করে স্বৈরাচারের উৎপত্তির সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে ছাত্র-জনতা বিতাড়িত করেছে, তাই নতুন কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না।
আনোয়ারা উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব রিদুওয়ানুল করিম হৃদয়।
অনুষ্ঠানে আনোয়ারার জে কে এস উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামসহ দুই শতাধিক কিশোর ও যুবক এনসিপি ও জাতীয় ছাত্রশক্তিতে যোগ দেন।


