জুলাইয়ে চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম সুয়ারেজ প্রকল্প

0

চট্টগ্রামের প্রথম সুয়ারেজ বা আধুনিক পয়ঃনিষ্কাশন প্রকল্প আগামী বছরের জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জুনে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চট্টগ্রাম ওয়াসা।

চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়িত হলে নগরীর ২১টি ওয়ার্ডের প্রায় ২০ লাখ মানুষ আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আসবেন। এর ফলে সংশ্লিষ্ট এলাকার বাসাবাড়ির পয়ঃবর্জ্য সরাসরি পাইপলাইনের মাধ্যমে শোধনাগারে পৌঁছাবে এবং পরিশোধনের পর তা নিরাপদভাবে সাগরে নিষ্কাশন করা হবে। এতে নগরীতে অপরিকল্পিতভাবে পয়ঃবর্জ্য ফেলা বন্ধ হওয়ার পাশাপাশি নদী-খাল ও পরিবেশদূষণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের আওতায় হালিশহরের চৌচালা এলাকায় ১৬৩ একর জমিতে দুটি শোধনাগার নির্মাণ করা হচ্ছে। এর একটিতে পাইপলাইনের মাধ্যমে আসা দৈনিক ৯ কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধন করে নিরাপদভাবে সাগরে ফেলা হবে। অন্য শোধনাগারটিতে বিশেষায়িত যানবাহনের মাধ্যমে বাসাবাড়ি থেকে সংগ্রহ করা দৈনিক ৩০০ টন মানববর্জ্য প্রক্রিয়াজাত করা হবে। এ ছাড়া হালিশহরের আনন্দবাজার এলাকায় আরও একটি আধুনিক পয়ঃবর্জ্য শোধনাগার নির্মাণ করা হচ্ছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ইতোমধ্যে ৮২ শতাংশে পৌঁছেছে। বর্ষা মৌসুম শেষ হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে নির্মাণকাজের গতি বাড়ানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।