রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সশস্ত্র সংঘাত, অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় জনজীবন ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে। এসব ঘটনায় নিরাপত্তাহীনতার পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। গত এক বছরে তিন জেলায় ৯৬টি বন্দুকযুদ্ধে ৫২ জন নিহত হয়েছেন। একই সময়ে ১০৩টি অপহরণ ও ১৮৩টি চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে বলে গোয়েন্দা তথ্যের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর সরাসরি প্রভাব পড়েছে রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে। সড়ক অবরোধের কারণে পর্যটক আসা কমে যাওয়ায় ব্যবসায়ীরা প্রতিদিন প্রায় এক কোটি টাকা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করেছেন। পর্যটক না আসায় আবাসিক হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও স্থানীয় বাজারের ব্যবসায় স্থবিরতা দেখা দিয়েছে।
ব্যবসায়ীরা জানান, পর্যটক না আসায় তারা ভোগান্তিতে পড়েছেন। আর্থিকভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। অবরোধের কারণে বাজারে কোনো ক্রেতা পাচ্ছেন না তারা। দ্রুত সময়ের মধ্যে অবরোধ শিথিল করার দাবি জানান তারা।
তিন পার্বত্য জেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র তৎপরতা, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। এ পরিস্থিতিতে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, অবৈধ সশস্ত্র সংগঠন যে পক্ষেরই হোক, তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী জানান, সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের পরিকল্পনা রয়েছে এবং পার্বত্য অঞ্চলও এর বাইরে থাকবে না।
পাহাড়ে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে পর্যটনসহ তিন পার্বত্য জেলার অর্থনৈতিক সম্ভাবনা আরও সংকুচিত হবে।


