চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা মুফিজ উদ্দিন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড ও স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জনগণের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মুফিজ উদ্দিন। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড তুলে ধরছেন তিনি।
স্থানীয়দের মতে, মিরসরাই সদর ইউনিয়ন নির্বাচনে তিনি একজন সম্ভাবনাময় প্রতিদ্বন্দ্বী হতে পারেন। তবে নির্বাচনে শক্ত অবস্থান ধরে রাখতে হলে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও সামাজিক গোষ্ঠীর মানুষের সমর্থন অর্জন করতে হবে।
মুফিজ উদ্দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের শুরু ১৯৯১ সালে। ওই বছর মিরসরাই থানার আলোচিত সামাজিক সংগঠন মিঠাছড়া মিতালী সংঘের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এরপর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে আসছেন।
১৯৯৭ সালে নির্বাচনের মাধ্যমে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৭ সালে পুনরায় দলের আহ্বায়কের দায়িত্ব পান। এ সময় স্থানীয় পর্যায়ে বিএনপিকে সংগঠিত করতে ভূমিকা রাখেন তিনি।
২০১১ সালের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি থেকে প্রথমবারের মতো চেয়ারম্যান পদে মনোনয়ন পান মুফিজ উদ্দিন। নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও এলাকায় উল্লেখযোগ্য সাড়া পান। ২০১৬ সালের নির্বাচনেও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এ সময় হামলা ও মামলার শিকার হওয়ার অভিযোগ রয়েছে তাঁর।
এ ছাড়া ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই সদর ইউনিয়নে বর্তমান সংসদ সদস্য নুরুল আমিনের নির্বাচনী আহ্বায়ক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফিজ উদ্দিন বলেন, “আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ চাইলে তাঁদের সেবক হিসেবে কাজ করতে চাই।”
নিজের রাজনৈতিক জীবনের ত্যাগ ও প্রতিকূলতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “দলের দুর্দিনে যখন অনেকে বিএনপি পরিচয় দিতে ভয় পেতেন, তখন আমি দলকে সংগঠিত করার চেষ্টা করেছি। ২০১২ সালের রাজনৈতিক মামলাগুলোতে আমাকে আসামি করা হয়েছে। বাড়িতে বোমা হামলাও হয়েছে। তারপরও একদিনের জন্য রাজনীতি থেকে পিছপা হইনি। রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে।”
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ও ভোটারদের সমর্থন পেলে মিরসরাই সদর ইউনিয়নের উন্নয়ন এবং জনসেবায় কাজ করতে চান মুফিজ উদ্দিন। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তাঁর অবস্থান নির্ভর করবে দলীয় মনোনয়ন ও স্থানীয় ভোটারদের সমর্থনের ওপর।


