ভিআইপি টাওয়ারে ভেজাল ওষুধের সন্ধান, লাখ টাকা জরিমানা

0

চট্টগ্রামের নগরীর কাজীর দেউড়ি মোড়ের ভিআইপি টাওয়ারের দোতালায় ভ্যারাইটিজ ইউনানী দাওয়াখানা নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ অবৈধ মালামাল জব্দ করেছেন ভ্রম্যমাণ আদালত। এ সময় কাগজপত্র ছাড়া ওষুধ তৈরি এবং অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

মঙ্গলবার (২৮ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, দোকানটি থেকে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ, ডায়াবেটিস রোগের ওষুধ, পাইলস, সিফিলিস, গনোরিয়া রোগের ওষুধ, বিভিন্ন প্রকার মলম ও ব্যাথানাশক তেল জব্দ করা হয়। এসকল ঔষধের গায়ে ‘ভ্যারাইটিস ইউনানী’ নামক দোকানের লেবেল লাগানো ছিল। দোকান মালিক না থাকলেও ম্যানেজার এসকল ওষুধ তৈরির কোন কাগজপত্র দেখাতে পারেন নাই।

তিনি বলেন, এছাড়া দোকানটিতে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই ভুয়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে মধু বিক্রি করতে দেখা যায়। দোকানটি থেকে প্রায় ২ লাখ টাকার এসকল অবৈধ মালামাল জব্দ করা হয়। এসময় দোকানের ম্যানেজারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে নগরীর জিইসি মোড়ের কিউপিএস নামক মডেল ফার্মেসীতে ফার্মাসিস্ট না থাকা এবং শুল্ক ফাঁকি দেয়া ও নকল প্রশাধনী সামগ্রী বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।